মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৩

শুধুই কি ছবি??


শুধুই কি ছবি??

পবন-দোলায় দোলে ঈষৎ-কৃষ্ণ কেশ,
সিঁথিতে সিঁদুর; নবনিতা বেশ...
কোন এক দক্ষিণ অয়নে
হারালো কবি সুনয়নার নয়নে।
ভ্রূ-জোড় মাঝে সিঁদুর-আদিত্য --
কবি মন্ত্রমুগ্ধ নিত্য।

সফেদ শাঁখের কাঁকন... ঐ হাত দু'য়ে...
লাল-লাল চুড়ি টুং টাং করে হৃদয় ছুঁয়ে...
আয়স্থি-পলার বন্ধুতা থাকবে অহর্নিশ...
দীপিত কবি, শুধু প্রেমে দিশ...
লাল জামদানী পরিহিতা, অরুণিমায় দীপ্তিমতী...
এ যেন এক দেবজ্যোতি!

এ কি শুধুই ছবি???
নয় ছবি, নয় ছবি, নয় শুধুই ছবি...
এ এক ধ্রুব সত্যি, জানে শুধু এই কবি...



দেবাশিস্‌ মুখার্জি
৫ জানুয়ারি, ২০১৩

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১২

এলোমেলো কথাগুলো

এলোমেলো কথাগুলো



রাত বেড়ে চলে শীতের বাতাসে,
ঘুমঘোরে সব, কিংবা মশানের শব...
কেউ কেউ জেগে রয় ঘুমহীন চোখ...
বুকে একরাশ যন্ত্রণা আর এক মুঠো ভালোবাসা।
নবাগত আলোর লড়াই,
আবছা কালো দীর্ঘ অতীত...
প্রেমিকার বুকেও কেউ একা,
সংসারে থেকেও কেউ রয় বৈরাগ্যে...
চার দেয়ালের মাঝে আকাশটা ঝোলে সিলিঙের কোণে...
নিদ্রালু চোখ, ধোঁয়া ধোঁয়া সব...
মৃত্যুকে পিছে রেখে ছুটে চলে জীয়ন-লড়াই...
এক বুকে কত বাতি জ্বলে!
সব নিভু নিভু, জ্বলজ্বলে জ্যোতি...


দেবাশিস্‌ মুখার্জি
২১ ডিসেম্বর, ২০১২

শনিবার, ৩ নভেম্বর, ২০১২

ছবির ফ্রেম

ছবির ফ্রেম

হাঁটুর 'পরে রেখেছো হাত,
আর তার 'পরে থুতনিটা,
তুমি বসে আছো...
রক্তলাল কামিজে নিরাভরণ তুমি!
কপালের মাঝে লাল টুকটুকে টিপ...
কাঁধ-ছোঁয়া চুল ওড়াউড়ি করে
মৃদুমন্দ বাতাসে...

শুধু চুলগুলো ওড়ে, আর বাকি সব নীথর!
উড্ডীয়মান প্রজাপতি কিংবা দোদুল্যমান পল্লব
সব যেন থেমে আছে এক ছবির ফ্রেমে,
আর সময়ের চোরা স্রোতে বন্দী আমি!

মনকাড়া ডাগর চাউনি, কী গভীর তার ভাষা!
প্রেম-জ্যোতি মাখা চোখে যতটা গভীরে গেলে হয় সর্বনাশ,
আমি ঠিক ততটা গভীরেই গেলাম,
নাহ আরো গভীরে হারালাম আমি...

সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই,
আমার রাস্তা হাঁটে আমি হাঁটি না...
নীথর দাঁড়িয়ে রই ঐ আঁখিপানে,
কী এক গভীর আবাহনে আমি দাঁড়িয়েই রই...
দাঁড়িয়েই রই... দাঁড়িয়েই রই...
সব যেন এক ছবির ফ্রেম!


দেবাশিস্‌ মুখার্জি
১ নভেম্বর, ২০১২