মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

ইচ্ছে করে...

ইচ্ছে করে...


ইচ্ছে করে -
পাখির মতন ডানা মেলে,
দূর আকাশে হেলে-দুলে,
রঙধনুটার সাথে খেলে
সন্ধ্যেটাতে যাই হারিয়ে


ইচ্ছে করে -
মাছ হয়ে ঐ নদীর জলে,
কচুরীপানা আর শতদলে
করবো খেলা; যাবো চলে
সাঁতার কেটে, মন যেথা চায়।


ইচ্ছে করে -
দূরের ঐ বনের ধারে,
ছোট্ট এক পুকুর পাড়ে,
পা দু'টোকে দিয়ে ছেড়ে
জলের মাঝে করি খেলা।


ইচ্ছে করে -
ঐ সাগর তীরে
তোমায় নিয়ে ধীরে ধীরে
ফিরবো আমি সুখের নীড়ে,
সূর্য যখন ডোবে।


ইচ্ছে করে -
ভালোবাসা আর লাজে,
ঘন আবীর এক সাঁঝে,
ঐ দূর পাহাড়ের মাঝে
দু'জনাতে পথ হারাই।


ইচ্ছে করে -
তোমায় নিয়ে দূর বিহনে,
তাকিয়ে তোমার চোখের পানে
বলবো আমি কানে কানে,
'তোমাই আমি চাই।'


ইচ্ছে নিয়েই আছি বেঁচে,
ইচ্ছেঃ তোমায় চাই।
এখন আমি স্মৃতি খুঁড়ি,
তুমি আমার নাই।



**এই কবিতাটা সেই ২০০০ সাল থেকে লিখে চলছি... সবশেষ কাঁটাছেঁড়া করেছি গত বছরের ফেব্রুয়ারিতে, আমারব্লগে পোস্ট করেছিলাম... ইচ্ছে তো ইচ্ছেই, ওটা যখন বদলাবে, লেখাও বদলে যাবে... তাই এই কবিতায় কোন তারিখ দেই নাই...

শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৩

চিরমুক্তি


চিরমুক্তি

যে খোঁজে চিরমুক্তির পথ কে রুধিবে তারে??
স্বজনের মায়া??... প্রেয়সীর প্রেম??
সবুজ বন্ধুতা??... পিছুটান??
সে তো রয় না বৈরাগ্যে!
কেউ নিজেরে ভোলায় নিকোটিন ধোঁয়ায়,
কেউ বোতলের টানে,
কেউ নারীর কায়ার মায়ায়...
এ তো শুধু ছুটে চলা!
যন্ত্রণাহীনতার কপট অভিনয়,
সাময়িক ভালোলাগা...
তাই কেউ কেউ খোঁজে মুক্তি... চিরমুক্তির পথ...
ভালোবাসা-প্রেম-মমতা-মায়ার বাঁধন ছেঁড়ার টান
সব করে খানখান...
শুধু খুঁজে চলেঃ
যন্ত্রণা হতে মুক্তি... জীবন হতে মুক্তি...
চিরমুক্তির পথ...


দেবাশিস্‌ মুখার্জি
২৪ জানুয়ারি, ২০১৩

মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৩

শুধুই কি ছবি??


শুধুই কি ছবি??

পবন-দোলায় দোলে ঈষৎ-কৃষ্ণ কেশ,
সিঁথিতে সিঁদুর; নবনিতা বেশ...
কোন এক দক্ষিণ অয়নে
হারালো কবি সুনয়নার নয়নে।
ভ্রূ-জোড় মাঝে সিঁদুর-আদিত্য --
কবি মন্ত্রমুগ্ধ নিত্য।

সফেদ শাঁখের কাঁকন... ঐ হাত দু'য়ে...
লাল-লাল চুড়ি টুং টাং করে হৃদয় ছুঁয়ে...
আয়স্থি-পলার বন্ধুতা থাকবে অহর্নিশ...
দীপিত কবি, শুধু প্রেমে দিশ...
লাল জামদানী পরিহিতা, অরুণিমায় দীপ্তিমতী...
এ যেন এক দেবজ্যোতি!

এ কি শুধুই ছবি???
নয় ছবি, নয় ছবি, নয় শুধুই ছবি...
এ এক ধ্রুব সত্যি, জানে শুধু এই কবি...



দেবাশিস্‌ মুখার্জি
৫ জানুয়ারি, ২০১৩