বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

দ্বাদশপদী - ৭: বাক্‌হীনা মা

ব্লগিং জগতে যাদের খুব আপন ভাবি তাদেরই একজন তার অনাগত সন্তানের মৃত্যুতে শোকগ্রস্ত। এমন এক শিশু যার অপেক্ষায় প্রহর গুণছিলো তার বাবা-মা, আপ নেরা, সে জন্মের আগেই চলে গেলো পরপারে। চুপচাপ শুয়ে আছে হিমঘরে। শোকগ্রস্ত বাবা-মা, আপনজনকে যে ঠিক কী বলবো তা আমার জানা নেই। মনটা অনেক অনেক বেশি খারাপ। সেই থেকেই লেখা এই কবিতাখানি। 


বাক্‌হীনা মা

বাক্‌হীনা বসে আছে। দুই চোখ
বেয়ে বেয়ে জল পড়ে। কী যে শোক
হৃদ-মাঝে। যার যায় শুধু যে সে
বোঝে। তার মনে পরে ভালোবেসে
পার করা দিনগুলো। ছোট কায়া
দেহ-মাঝে ছিলো। আজ শুধু ছায়া।
কান্নাহীন! হাসিহীন! বাক্স করে
শুয়ে আছে অন্ধকার হিমঘরে।
নেই কোন জন্মদিন, শুধু আছে
মৃত্যুদিন। সবকিছু রেখে পাছে
চলে গেলো। মায়ে কাঁদে! শুধু কাঁদে!
রয়ে গেলো প্রাণ ব্যথা ভরা ফাঁদে।


দেবাশিস্‌ মুখার্জি
১৮ এপ্রিল, ২০১৩


অন্যান্য দ্বাদশপদী কবিতাঃ
দ্বাদশপদী কবিতা - ৬  
দ্বাদশপদী কবিতা - ৫  
দ্বাদশপদী কবিতা - ৪  
দ্বাদশপদী কবিতা - ৩  
দ্বাদশপদী কবিতা - ২    
দ্বাদশপদী কবিতা - ১

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

দ্বাদশপদী - ৬: ক্রীড়নক

ক্রীড়নক

গণজাগরণ! চিলে নিলো কান!
সে চলমান সঙ্ঘাতে কত প্রাণ
যায় কক্‌টেল, বোমে।  রগকাটা
দেহ ছট্‌ফট্‌ করে। টোনা আঁটা
মুখ চুপ করে রয়। দুধ-কলা
খায় হেফাজত শাপে! এ অবলা
মায় সব কিছু সয়। মিথ্যাচারে
শোর পারে বুদ্ধিবেশ্যা। অনাচারে
সঙ্গমে মিলতো ল্যাদা রুদ্ধদ্বারে!

ঘরছাড়া হিন্দু-বৌদ্ধ। বারে বারে
বইবে কি রক্ত নদী? ধ্বক! ধ্বক!!
করে হৃদে ব্যথা। মোরা ক্রীড়নক!!

দেবাশিস্‌ মুখার্জি
১২ এপ্রিল, ২০১৩



অন্যান্য দ্বাদশপদী কবিতাঃ
দ্বাদশপদী কবিতা - ৫  
দ্বাদশপদী কবিতা - ৪
দ্বাদশপদী কবিতা - ৩
দ্বাদশপদী কবিতা - ২  
দ্বাদশপদী কবিতা - ১

শনিবার, ২৩ মার্চ, ২০১৩

কাব্যমালা - ০১

শুঁয়ো পোকা

হলুদ-কমলা ডোরা কাটা তুমি,
হাঁটো গুটিশুটি পায়ে,
কিংবা শুয়ে শুয়ে।
তাই তুমি শুঁয়ো পোকা?
পাটগাছ বেয়ে উঠছো ওপরে।
রোদের নেশায় মাতলে নাকি?
নাকি গুটি পাকানোর আগে দেখছো সুয্যিমামা?
ভাবছো ছোঁবে ওকে দু'দিন গেলে পরে?
পাকাও গুটি তবে মুক্তির মাদকতায়...
ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করো ছোট্ট রঙিন পাখা,
উড়বে তুমি মুক্তির খোঁজে প্রজাপতি হয়ে...

দেবাশিস্‌ মুখার্জি
২১।০৩।২০১৩



হল্‌দে প্রজাপতি

হল্‌দে প্রজাপতি,
ছোট্ট ছোট্ট পাখনা মেলে ওড়ো,
ছোঁয়াছুঁয়ি করো,
কামজ প্রেমের নেশায়...
এ কি শুধু শারীরিক?
নাকি তোমরাও বোঝ 'ভালোবাসা কারে কয়'?
তোমরা কি শোন ঠাকুরের গান? দাশের কবিতা?
গাঁথো কি মালা বকুলের ফুলে?
তোমরা কি বোঝ আকাশের মেঘ? 
রাতের তারার মেলা?
তোমরা কি বোঝ বৃষ্টির রিনিঝিনি?
নদেয় বানের ডাক?
কিচ্ছু বোঝনা...
তবে কি বোঝ প্রাণের কথা? হৃদয়ের ব্যথা?
তাও বোঝ না...
তবে আমি বলি, তুমি ভালোবাসা কী তাই জানো না!

দেবাশিস্‌ মুখার্জি
২১।০৩।২০১৩