মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১২

এলোমেলো কথাগুলো

এলোমেলো কথাগুলো



রাত বেড়ে চলে শীতের বাতাসে,
ঘুমঘোরে সব, কিংবা মশানের শব...
কেউ কেউ জেগে রয় ঘুমহীন চোখ...
বুকে একরাশ যন্ত্রণা আর এক মুঠো ভালোবাসা।
নবাগত আলোর লড়াই,
আবছা কালো দীর্ঘ অতীত...
প্রেমিকার বুকেও কেউ একা,
সংসারে থেকেও কেউ রয় বৈরাগ্যে...
চার দেয়ালের মাঝে আকাশটা ঝোলে সিলিঙের কোণে...
নিদ্রালু চোখ, ধোঁয়া ধোঁয়া সব...
মৃত্যুকে পিছে রেখে ছুটে চলে জীয়ন-লড়াই...
এক বুকে কত বাতি জ্বলে!
সব নিভু নিভু, জ্বলজ্বলে জ্যোতি...


দেবাশিস্‌ মুখার্জি
২১ ডিসেম্বর, ২০১২

শনিবার, ৩ নভেম্বর, ২০১২

ছবির ফ্রেম

ছবির ফ্রেম

হাঁটুর 'পরে রেখেছো হাত,
আর তার 'পরে থুতনিটা,
তুমি বসে আছো...
রক্তলাল কামিজে নিরাভরণ তুমি!
কপালের মাঝে লাল টুকটুকে টিপ...
কাঁধ-ছোঁয়া চুল ওড়াউড়ি করে
মৃদুমন্দ বাতাসে...

শুধু চুলগুলো ওড়ে, আর বাকি সব নীথর!
উড্ডীয়মান প্রজাপতি কিংবা দোদুল্যমান পল্লব
সব যেন থেমে আছে এক ছবির ফ্রেমে,
আর সময়ের চোরা স্রোতে বন্দী আমি!

মনকাড়া ডাগর চাউনি, কী গভীর তার ভাষা!
প্রেম-জ্যোতি মাখা চোখে যতটা গভীরে গেলে হয় সর্বনাশ,
আমি ঠিক ততটা গভীরেই গেলাম,
নাহ আরো গভীরে হারালাম আমি...

সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই,
আমার রাস্তা হাঁটে আমি হাঁটি না...
নীথর দাঁড়িয়ে রই ঐ আঁখিপানে,
কী এক গভীর আবাহনে আমি দাঁড়িয়েই রই...
দাঁড়িয়েই রই... দাঁড়িয়েই রই...
সব যেন এক ছবির ফ্রেম!


দেবাশিস্‌ মুখার্জি
১ নভেম্বর, ২০১২

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

দ্বাদশপদী কবিতা - ৫

জ্যোতি
মঞ্জুল চোখেতে কৌমুদী-প্রপাত,
আবার কখনো অন্ধকার রা্ত,
কখনো বা ঝরে সঘন বরষা;
হয়েছে সে নিধি নিবেদ্য সহসা।
প্রেমের কাঙাল অধম এ কবি
একে একে আঁকে স্বপ্ন-কল্প ছবি।
প্রেমহীন হৃদে নব প্রেমারতিঃ
সুহাসিনী শ্যামা সুনয়না জ্যোতি।
হৃদয়-মাঝারে সুমন্দ-অনিল।
অনিকেত আমি। হবে দোঁহে মিল??
ছুটে চলে ধরা, কাল্‌-স্রোত বয়;
এই প্রেম-সুধা অজর-অক্ষয়।

২৭ অক্টোবর, ২০১২; ঢাকা
দেবাশিস্‌ মুখার্জি

অন্যান্য দ্বাদশপদী কবিতাঃ

দ্বাদশপদী কবিতা -৪
দ্বাদশপদী কবিতা - ৩
দ্বাদশপদী কবিতা - ২
দ্বাদশপদী কবিতা - ১